Showing posts with label ছড়া. Show all posts
Showing posts with label ছড়া. Show all posts

Sunday, January 28, 2024

আমার যদি থাকতো ডানা


আমার যদি থাকতো ডানা

ই ম রু ল  কা য়ে স

আমার যদি পাখির মতো থাকতো ডানা পালকের
যেতাম উড়ে অনেক দূরে উৎসমূলে আলোকের।

দূর আকাশে যেতাম উড়ে মন পবনে দিয়ে ভর
চন্দ্রদীপে ঘর বানিয়ে যেতাম থেকে জীবন ভর।

যখন খুশি ইচ্ছে মতো দিতাম শরীর ভাসিয়ে
মস্ত বড় এই জীবনের দুঃখগুলো নাশিয়ে।

কল্পলোকের স্বর্গ ভুলে ফিরতে হবে তবু যে
বাংলাদেশের পাহাড়-নদী ফসলের ক্ষেত সবুজে।

০২ মে ২০০৯
১৯ বৈশাখ ১৪১৬ বঙ্গাব্দ
খুলনা

Friday, January 26, 2024

ছড়া খুব কড়া


ছড়া খুব কড়া
ই ম রু ল  কা য়ে স

ছড়া খুব কড়া ভাই চাও যদি শিখতে
প্রথমেই যেতে হবে ছন্দটা শিখতে।

তারপর ভারী চাই শব্দের ঝোলাটা
তাল লয় ঠিক রেখে চাই হাত খোলাটা।

পঙক্তিতে হবে ভাই মাত্রা গুনতে
চরণের শেষে মিল রাখা চাই বুনতে।

এই ভাবে চোখ কান খোলা রেখে চর্চা
করে গেলে পেয়ে যাবে ভালো ছড়ার  পর্চা।

৩ মে ২০০৯ খ্রি.
২০ বৈশাখ ১৪১৬ বঙ্গাব্দ
খুলনা

Tuesday, August 15, 2023

দুরন্ত সাধ

দুরন্ত সাধ
ই ম রু ল  কা য়ে স

মনে হয় ডানা মেলে উড়ে যাই আকাশে
পেড়ে চাঁদা খেলা করি বৈশাখি বাতাসে
মধুকর হয়ে বসি বকুলের শাখাতে
এঁকে দেই স্বপ্নটা ফুল আর পাতাতে।

মনে হয় মেঘ হয়ে খুঁজে ফিরি সুখটা
বাজপাখি হয়ে ফুড়ি আকাশের বুকটা
সারাদিন লেখাপড়া রুটিনের ঝাকাতে
মনে হয় চলে যাই মামা বাড়ি ঢাকাতে।

১৪ মে ২০০৭ খ্রি.
৩১ বৈশাখ ১৪১৪
খুলনা