লাইলাতুল কদর, আমার প্রার্থনা
ইমরুল কায়েস
আজ লাইলাতুল কদর; শ্রেষ্ঠতম মহিমান্বিত রজনী।
হে আমার রব, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মহান অধিপতি,
তুমি আমার হৃদয় নিঃসৃত একান্ত ফরিয়াদ
শ্রবণ করো, কবুল করো আমার অশ্রুসিক্ত প্রার্থনা।
অসীম আসমান ও বিশাল জমিনের একমাত্র স্রষ্টা,
তুমি সবজান্তা এবং সর্বত্র বিরাজমান,
বেহেশতের সকল দরোজা-জানালা
তুমি আজ খুলে দিয়েছো, হে আমার প্রভু।
সুবহে সাদিক পর্যন্ত অপেক্ষায় আছে ফেরেশতা,
মুমিনের আমলনামার বিবরণী লিখতে।
হে আমার সৃষ্টিকর্তা, হে আমার প্রদীপ্ত প্রতিপালক
তুমি জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দাও,
ঐশী আলোর অমিয় ঝর্ণাধারায় অনবরত
আমাদের হৃদয়কে তুমি উদ্ভাসিত করো।
হে সারা জাহানের প্রভু, রহিম রহমান
তুমি আমাদের মনের মাঝে লুকায়িত অন্ধকার
বিতাড়িত করো, দেখিয়ে দাও আলোকজ্জ্বল পৃথিবীর ঠিকানা।
শ্রেণিহীন, বৈষম্যহীন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সমাজ দাও,
শোষনমুক্ত মানবিক সমাজ গঠনে তুমি আমাদের
ঐক্যবদ্ধ শক্তিকে জাগরুক করে দাও।
এখন রাত্রি নিঝুম, দ্বিপ্রহর হয়ে গেছে পার...
জেগে আছে মুমিন, জেগে আছে তোমার ফেরেশতাগন
তুমি অজস্র মুমিনের অন্তরের ফরিয়াদ শোনো।
সমাজের মাঝে শ্রেণি-বৈষম্যের দেয়াল ভেঙে
তুমি এক আলোকিত সমাজের স্বপ্ন দেখাও।
মানুষের মনের মাঝে লুকিয়ে থাকা গহীন অন্ধকার
তুমি দূর করে দাও, হে আল্লাহ রাব্বুল আলামিন।
তুমি মানুষে মানুষে ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করো,
তুমি ক্ষুধার্ত মানুষের আজন্মের ক্ষুধা নিবারণ করো,
হাসপাতালে অসুস্থ্য মানুষকে তুমি সেফা দান করো,
তুমি ত্যাগ ও সাম্যের মধুর বন্ধনের মিলন মোহনায়
এক অনুপম আলোকিত সমাজ গঠন করার
তাওফিক দান করো।
রাত্রি নিঝুম, নিস্তব্ধ আকাশ-বাতাস, চারিপাশ
মনের মাঝে জাগে এক পবিত্র অনুভূতি,
তুমি মানুষের মনে মিলনের স্পৃহা সঞ্চালিত করো।
চারদিকে আজ ফেরেশতাদের নীরব আনাগোনা,
তোমার রহমতের প্রশান্তি বিলিয়ে দেয়।
এই সেই বরকতময়, মহিমান্বিত রাত —
মানবতার পথ দেখাতে, অন্ধকারে আলো জ্বালাতে,
যে রাতে তুমি নাযিল করেছিলে
বিশ্ব মানবের পূর্ণাঙ্গ জীবন বিধান, আল-কুরআন;
নীরব পৃথিবী, নিঝুম রাত, অজস্র তারকারাজি
সবাই কেবলই তোমার ইবাদতে মশগুল।
অশ্রু ভেজা চোখ নিয়ে জায়নামাজে বসে আছি,
ক্ষমার ফিরিস্তি হৃদয়ে নিয়ে আছি সেজদার অবনত
চোখে অশ্রুবারি, হৃদয়ে আকুল মিনতি রেখে
তোমার দরবারে আজ আমি আত্মসমর্পণকারী,
অজস্র ভুলে ভরা জীবনের ভার নিয়ে
প্রার্থনায় মগ্ন আছি
তোমার অনুপম ক্ষমার বৃষ্টিতে স্নাত করো।
হে দয়াময় আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করো
আজ এই মহিমান্বিত রজনীর উসিলায়।
আমাদের জীবন মানেই হলো ভুলের সমাহার
মরুভূমির বালুকারাজির চেয়ে তা অনেক বেশি,
সাগরের জলকনার চেয়ে তা অনেক বেশি;
জাহেরি-বাতেনি, সগিরা-কাবিরা সকল গুনাহ
তুমি মাফ করে দাও, হে আল্লাহ রব্বুল আলামিন।
হে আমার দয়াময় প্রতিপালক
এই পবিত্র রজনীতে তোমার দরবারে হাত তুলেছি,
তোমার রহমতের জন্য আরাধনা করছি,
তুমি আমাদের সম্মান ও রিজিক বাড়িয়ে দাও।
তুমি পবিত্র করো জীবনের প্রতিটি চাওয়া
আমাদের অন্তরে ঢেলে দাও ঈমানের আলো,
হৃদয়কে করো দাও নম্র, বিনয়ী ও কল্যানকর।
যেন প্রতিটি নিঃশ্বাসে স্মরণ করি তোমায়,
প্রতিটি কাজে যেন খুঁজে পাই তোমার সন্তুষ্টি।
হে পরম দাতা দয়ালু মহান প্রভু,
তুমি আমার পরিবারকে দাও প্রশান্তির ঠিকানা,
আমার প্রিয়জনদের দাও ইমানের হেদায়েত;
পৃথিবীর সকল মুমিনের মননে তুমি রহমত বর্ষণ করো।
যে চোখে আজ অনুতপ্তের অশ্রু ঝরে
সেই চোখকে তুমি নূরের আলোয় পূর্ণ করে দাও
যেন কিয়ামতের দিনে হাসতে হাসতে
পার হতে পারি বিপদের পুলসেরাত।
হে আল্লাহ, হে আমার প্রভু
এই পবিত্র রাতে আমার প্রাণময় প্রার্থনা শোনো—
তুমি সকল জালিমের পাপিষ্ট হাত ভেঙে দাও,
বিশ্বজুড়ে সকল মজলুমের পাশে অবস্থান করো,
তুমি তাদেরকে রক্ষা করো, হেফাজত করো,
তোমার মমতা দিয়ে এ পৃথিবী তুমি পূর্ণ করো।
হে আমার ভাগ্য বিধাতা
আমাদের জীবন তেমন হোক, যেমনটা তুমি চাও
আমাদের মৃত্যু যেন হয় ঈমানের আকীদায়।
এই রজনীতে আজ আমার শেষ প্রার্থণা—
আমাদের ঠিকানা যেন হয় জান্নাতুল ফেরদাউস।
মধ্যরাতের আধো আলো, আধো ছায়ায়
অশ্রুভেজা চোখ তোমার ক্ষমার সাগরে নিমজ্জিত।
হে আমার প্রভু,
আমাকে তুমি কবুল করো, ক্ষমা করো,
তুমি অকৃপন মমতায়, ধন-ধান্যে ভরে দাও এই ধরিত্রী।
তোমার রহমতের ছায়াতলে ঠাঁই যেন হয় অনন্তকাল।
রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা
রাব্বির হাম হুমা কামা রাব্বাইয়ানি সাগিরা।