মা, তোমার স্মৃতি আমার অমূল্য সম্পদ
ইমরুল কায়েস
এখনো ভোর হলে মনে হয়,
মা, তুমি আমার নাম ধরে ডাকছো।
বলছো, “উঠেছিস, খোকা? দেরি হয়ে যাচ্ছে তো।”
তোমার ডাক ছাড়া আমার সকালের ঘুম ভাঙে না,
ভেঙে যায় কেবল বুকের ভেতরটা।
তোমার আঁচলের গন্ধ এখনো আমি অনুভব করি,
ওটা ছিল মায়ের গন্ধ, ভীষণ পরিচিত।
ক্লান্ত হয়ে গেলে মনে হয় তুমি পাশেই আছো—
তোমার শূন্যতা অনুভব হয় তীব্রভাবে
মনে হয় ঘুমঘোরে তুমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছো,
আর আমি আস্তে আস্তে ঘুমের দেশে চলে যাচ্ছি।
মা, তোমার কি মনে আছে?
আমি চুপ করে থাকলে তুমি সব বুঝে যেতে,
না চাইতেই থালাভর্তি ভাত এনে দিতে
খেতে না চাইলে তুমি খাওয়ায়ে দিতে
সেই নীরব-নিঃস্বার্থ ভালোবাসা
পৃথিবীর কোথাও আর পাই না এখন।
জ্বর হলে আজো তোমার হাতটা খুঁজি,
যে হাতে ওষুধের চেয়েও বেশি ছিল মায়া, প্রশান্তি।
আজ কেউ আর বলে না—
“ভয় নেই তোর, আমি আছি না।”
তোমার বকা দেওয়ার মায়াভরা মুহূর্তগুলো,
তোমার প্রানবন্ত হাসির উচ্ছলতা ,
রাগ করে মুখ ফিরিয়ে নেওয়ার অভিমান, অভিনয়—
সেই সব মায়াময় মুহূর্তগুলো
আজ কিছুতেই ভুলতে পারছি না, ভুলতে পারি না।
তখন বুঝিনি, এইসব ছোট ছোট মুহূর্তগুলোই
একদিন জীবনের সবচেয়ে বড় সম্পদ হবে।
মা, তুমি চলে গেছো ঘরটা ফাঁকা হয়নি শুধু,
আমি নিজেও অর্ধেক হয়ে গেছি।
তবু প্রতিদিন বেঁচে থাকার অভিনয় করি, বাঁচতে হয়
কারণ জানি—
আমার সাফল্যে তুমি গর্ব করে তাকিয়ে থাকো।
আমি ভালো থাকলে তুমি ভীষণ খুশি হতে, মা
তুমি যেন খুশি হও, শান্তি পাও—
এই বিশ্বাসেই আমি বেঁচে আছি,
এই বিশ্বাসেই ভালো থাকার চেষ্টা করি।
হে আল্লাহ রাব্বুল আলামিন
তুমি আমার মাকে ক্ষমা করে দাও,
তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করো।
রব্বির হামহুমা কামা রাব্বাইয়ানি সাগিরা...
রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগিরা...
০৭ ফেব্রুয়ারি ২০২৬ খ্রি.
খুলনা
No comments:
Post a Comment