কবিতা || মৌমিতা ইমরুল কায়েস তোমাকে
ভালোবাসার পর আমি বুঝে গেছি—মানুষ শুধু হৃদয় দিয়ে ভালোবাসে না, অস্থি-মজ্জ্বা দিয়েও
ভালোবাসে। এক জনমের ভালোবাসা পূর্ণতা না পেলেও ভালোবাসা সফল হতে পারে; স্মৃতি নিয়েও
আমৃত্যু বেঁচে থাকা যায়। তুমি
আমার প্রতিটি স্মৃতির ভেতর ধীরে ধীরে জন্ম নেওয়া এক আলোকছটা। পৃথিবীর অসংখ্য মানুষের
ভীড়েও আমি তোমার পদচিহ্ন অবলীলায় চিনে নিতে পারি, কারণ আমার আত্মা তোমার উপস্থিতির
ভাষা শিখে ফেলেছে। তুমি
যখন হাসো, মনে হয় দীর্ঘ অনাবৃষ্টি শেষে কাঙ্ক্ষিত প্রথম বৃষ্টির ফোঁটা নেমেছে আমার
ভেতরের শুষ্ক মরুভূমিতে। তুমি যখন নীরব থাকো, সেই নীরবতাও এক অপূর্ব কবিতা হয়ে ঘিরে
রাখে আমার মননের বেলকনি। তোমার চোখে আমি কোনো সাধারণ দৃষ্টি দেখি না; সেখানে দেখি এমন
এক আকাশ, যেখানে আমার সব ভাঙা-স্বপ্নের টুকরোগুলো সাজানো রয়েছে থরে থরে। আমি তোমাকে
পাওয়ার জন্য ভালোবাসি না; আমি ভালোবাসি কারণ তোমাকে ভালোবাসতে পারাটাই আমার জন্য আশীর্বাদ।
তুমি কাছে থাকো বা দূরে, তোমার নাম আমার বুকের ভেতরে এমনভাবে প্রতিধ্বনিত হয়, যেন
প্রতিটি স্পন্দনে তোমারই উচ্চারণ লেপটে আছে। যদি কোনো
একদিন পৃথিবীর সব আলো নিভে যায়, সব আঁধার ঢেকে দেয় কল্পনার সম্রাজ্য আমার তবু তোমার
স্মৃতির ক্ষুদ্র প্রদীপটুকু নিয়ে আমি অনন্ত পথ হেঁটে যেতে পারবো। যদি সব শব্দ হারিয়ে
যায়, তবু তোমার নামটুকুই আমার শেষ কবিতা হয়ে জ্বলে থাকবে। মৌমিতা,
ভালোবাসা কখনো কেবল হাত ধরে পথ চলার নাম নয়। ভালোবাসা হলো এমন এক আস্থা, যেখানে দু’টি
আত্মা নীরবে একে অপরের জন্য প্রার্থনা করে। আমি চাই না সময় তোমাকে বদলে দিক; আমি চাই
সময় সাক্ষী থাকুক—একটি হৃদয় কত গভীরভাবে আরেকটি হৃদয়কে ভালোবাসতে পারে। তাই আজো
আমার সমস্ত কবিতা, সমস্ত নীরবতা, সমস্ত স্বপ্ন আর প্রার্থনার শেষ পংক্তির নাম —কেবলই
মৌমিতা।
No comments:
Post a Comment