প্রথম প্রেম, লাজুক সন্ধ্যা
ইমরুল কায়েস
এই সন্ধ্যার স্নিগ্ধ হাওয়ায়
ভেসে আসে তার কুমারী চুলের সঞ্জিবনী গন্ধ,
বুনো বাতাসে ছুটে আসে তার মায়াবী হাসি।
আমরা দু'জন আনমনে হেঁটে চলি মধুমতি তীরে।
প্রতিটি পদক্ষেপে অজস্র না বলা কথা;
কথাগুলো অনাদিকালের পঙক্তিমালা সাজায়।
তার চোখে আমি বুনি অজস্র স্বপ্নবীজ,
আমার চোখে সে কি খোঁজে, আমি ঠিক জানি না!
সেই সব স্বপ্নের গল্প লেখা হয়নি এখনও,
কিন্তু জানি, তা চিত্রিত হয়েছে বহু প্রচ্ছদে, বহুবার।
চাপা আনন্দ, উৎকণ্ঠা ভরা দু’টি প্রাণ,
সেই ছোট্ট নির্বাক মুহূর্তের অনুভূতি সাথে নিয়ে
আমি চুপচাপ হেঁটে চলি—
সে আছে তাই চালু আছে আমার হৃদ-স্পন্দন;
কবিরা নারীর কাছে বার বার হেরে যায়, হারতে হয়!
নারীরা কবিকে কষ্ট দেয়, কবির কষ্ট চুঁষে নেয়!
রাতের অন্ধকারে থোকায় থোকায় তারা ঝলমল,
আমাদের কণ্ঠে ভাসে নিঃশব্দ প্রেমের মেলোডি।
এই বিরহী সন্ধ্যা, এই স্নিগ্ধ বাতাস, এই বহমান নদী;
সব কিছু এক সাথে, বিমূর্ত স্মৃতির তুলি হাতে
রঙিন ছবি আঁকে হৃদয়ে ; সারাদিন, বিরতিহীন।
১৪ ফেব্রুয়ারি ২০০২ খ্রি.
খুলনা
No comments:
Post a Comment