Monday, April 27, 2026

আমার বন্ধু, প্রিয় বন্ধু ওবায়দুর

 

আমার বন্ধু, প্রিয় বন্ধু ওবায়দুর
ইমরুল কায়েস
আমার বন্ধু, প্রিয় বন্ধু ওবায়দুর
তোকে আজ খুব মনে পড়ছে?
আমার না ভোলা শৈশব তোর সাথে মিশে আছে।
তুই ছাড়া এখন ভীষণ একা লাগে, বন্ধু।
তোকে আর নাম ধরে ডাকতে পারছি না
কারণ তুই এখন আর নাম নয়, কেবলই স্মৃতি।
আমার খুব মনে পড়ে, একই বেঞ্চে বসে
খাতা-পেন্সিল ভাগ করে নেওয়ার সেই দিনগুলো?
আমার কলম হারালে তুই বলতিস,
“ আমারটা নে, পরে ফেরত দিলেই হবে”—
আজ তোকে ফেরত দেওয়ার
সেই সুযোগ টুকুই আমার হাতে নেই।
তুই ছিলি আমার খেলার সাথী, পড়ার সাথী
আমার কী করতে হবে, কী বলতে হবে
চোখের এক ইশারায়, সব তুই বুঝিয়ে দিতি।
আজ আমি ইশারা করি আকাশের দিকে—
কিন্তু তুই আর তাকাস না!
তুই মিশে গেছিস আকাশ নীলে, দূর দিগন্তে।
খেলার মাঠে বিসর্জন দেওয়া অজস্র বিকেলগুলো,
হাসতে হাসতে বাড়ি ফেরার অসংখ্য মুহূর্তগুলো,
আমাকে এখন ভীষণ যন্ত্রণা দেয়, বন্ধু !
মাঝে মাঝে অভিমানে কথা বলা বন্ধ হতো ,
কিন্তু, সে সব ভুলে আবার দু'জনে মিলে যেতাম।
অবারিত ফসলের মাঠে, অর্থহীনভাবে
অগুন্তি সময় কাটিয়েছি তোকে নিয়ে।
তুই নেই, কিন্তু সেই স্মৃতিগুলো, সেই মুহূর্তগুলো
আমাকে একা পেয়ে এখন কুঁড়ে কুঁড়ে খায়!
সীমাহীন ব্যস্ততার কারণে শেষ দিকে
তোর সাথে আমার দেখা ও কথা হতো কম।
ভেবেছিলাম আবার বসবো, সব ঠিক হয়ে যাবে।
কখনো ভাবিনি, সম্পর্ক ঠিক হওয়ার সেই সুযোগটাই
এভাবে একদিন একদম ফুরিয়ে যাবে!
ওবায়দুর, তুই তো জানিস,
আমি খুব একটা শক্ত মনের মানুষ না।
কিন্তু তোর চলে যাওয়ার পর
আমাকে অনেক শক্ত হতে হচ্ছে—
কারণ কাঁদলে—তুই এসে বলতিস, “কাঁদিস না,
সব ঠিক হয়ে যাবে।”
শেষবার তোর ফোন নম্বরটা
যখন আমার ফোনের স্ক্রিনে ভেসে উঠেছিল ,
আমি খুবই ব্যস্ত ছিলাম, সেদিন।
ভেবেছিলাম, পরে মন খুলে কথা বলবো।
কী ভয়ঙ্কর মিথ্যে ভাবনা ছিল আমার
“পরে” আর কখনো ফিরে আসেনি।
মনের ভিতরে তোর জন্য যে জায়গা ছিল
সে জায়গাটা এখন আর খালি নাইরে,
জায়গাটা এখন ব্যথায় ভরা;
নীরবতায়, অপূর্ণতায় ও শূন্যতায়।
এমন কিছু কথা বুকের মধ্যিখানে মিছিল করে
যা তোকে ছাড়া আর কাউকে বলা যায় না।
যদি ওপার থেকে তুই দেখতে পারিস, দেখিস—
যদি ওপার থেকে শুনতে পারিস, শুনিস,
আমি এখনো আগের মতোই আছি,
শুধু স্মৃতির ভিতরে আমি তোকে খুঁজে বেড়াই।
ওপারে শান্তিতে থাকিস, বন্ধু
বিমর্ষ পৃথিবীতে এ আমার একমাত্র প্রার্থণা।
স্মৃতি বড় বেদনার, স্মৃতি বড় যন্ত্রণার।
মনে হয় বেঁচে থেকেও এই আমি
তুই না থাকার করুণ যন্ত্রণা অনুভব করছি।
২৩ জানুয়ারি ২০২৬ খ্রি.
খুলনা।

No comments: