পাখি 
ইমরুল || কায়েস
আমার একটি পোষ না মানা পাখি আছে।
পাখিটা যে ভীষণ অদ্ভুত; অভিমানী, মেজাজ গরম।
উৎপাতে তার উদাস কবির বিশ বসন্ত অম্লমধুর।
সেই পাখিটা অল্প অল্প কাব্য বোঝে। বোঝে বলেই
উদাস কবির হেরেম ছেড়ে বসে না সে অন্য ডালে...
সেই পাখিটা কাছে থাকলে উৎপাতে হৃদ-প্রেসার বাড়ে
থালা ঝনঝন, মাথা ভনভন, ধ্যান-ভঙ্গ বাউল কবির।
দূরে গেলেই নিঃসঙ্গতার অন্ধকারে ডুবে মরি
গ্রাস করে ব্যথার ধোঁয়া, ছন্দ হারায় ভাবনাগুলো।
পাখি যখন কাছে থাকে শূন্যতাটা বোঝা যায় না।
দূরে গেলেই হৃদয় আমার নিঃসঙ্গতার সাইবেরিয়া,
দূর সাহারায় তখন আমি নিঃসঙ্গ এক দুঃখের কবি।
মাঝে মাঝে দূর আকাশে পাখি আমার পাখনা মেলে,
ফিরে আসে সতেজ হয়ে নতুন রুপে শিষমহলে,
বিরহে তার কলকাকলি মুহূর্তে হয় পঙক্তিমালা।
সেই পাখিটা এমন পাখি, মেজাজ চড়া কিন্তু খাঁটি!
আচ্ছা ভাই- বলুন দেখি, পাখিটা কি নুনের বাটি?
পাতে থাকলে উপস্থিতি যায় না বোঝা,
না থাকলে শূন্যতাটা হয় অনুভব, তীব্রভাবে!

No comments:
Post a Comment