Friday, May 29, 2026

বিদ্রোহী কবি নজরুল

 

বিদ্রোহী কবি নজরুল
ইমরুল কায়েস
বাংলার সাহিত্যাকাশে তুমি এসেছিলে
ধুমকেতুর মতো, অগ্নি-স্ফুলিঙ্গ হয়ে,
অন্ধকারে ঘুমিয়ে থাকা এক দিক-ভ্রান্ত জাতির বুকে
পাহাড় ফাঁটা বজ্রের শব্দ হয়ে।
তোমার কণ্ঠে ছিল মহাবিদ্রোহের টর্নেডো,
আর পাললিক হৃদয়ে ছিল প্রদীপ্ত প্রেমের নরম বৃষ্টি।
তুমি শিখিয়েছিলে—
মানুষের চেয়ে বড় কোনো পরিচয় নেই আর।
হে সাম্যর কবি নজরুল, এই অস্থির পৃথিবীতে
তোমার কলম কখনো হয়েছে তলোয়ার,
কখনো আবার প্রার্থনার পবিত্র দীপশিখা,
মসজিদের আজান আর মন্দিরের ঘণ্টাধ্বনিকে
তুমি একই আকাশের নীচে
একই ছন্দে-তালে মিলাতে চেয়েছিলে।
তোমার কবিতায় ধর্ম ছিল মানবতার আরেক নাম,
আর ভালোবাসা ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম সত্য।
যখন জালিমের খড়গ উঁচু হয়ে উঠেছিল,
তুমি বিদ্রোহী হয়ে দাঁড়িয়েছিলে মানুষের পাশে।
তোমার গানে জেগে উঠেছিল শিকলবন্দী প্রাণ,
তোমার গানে কেঁদেছিল নিঃস্ব মানুষের হৃদয়।
হে মানবতার কবি, তুমি শুধু কবি নও—
তুমি এক অনিঃশেষ অগ্নিশিখা, জাগরণের নাম
যে নাম অজস্র তরুণ হৃদয়ে
স্বাধীনতার স্বপ্ন জ্বালিয়ে রেখেছে আজো...
বাংলার আকাশে যতোদিন ভোরের আলো ফুটবে,
ততোদিন তোমার কবিতা নদীর মতো বয়ে যাবে
বিপ্লব-স্পন্দিত অজস্র বাঙালির মুখে মুখে।
শিশিরভেজা সকালে, আঁধার-রাঙা সন্ধ্যায়,
প্রেমে, দ্রোহে আর প্রতিবাদে—
তোমাকেই ফিরে পাবে অহঙ্কারী বাংলা।
হে বিদ্রোহী কবি, প্রেমের কবি নজরুল
তোমার নাম উচ্চারণ করা মানে
হিমালয়ের মতো মাথা উঁচু করে দাঁড়ানো,
তোমাকে স্মরণ করা মানে
শৃঙ্খল ভেঙ্গে সামনে এগোনোর অদম্য সাহস,
শ্রেণিহীন, বৈষম্যহীন, অসাম্প্রদায়িক চেতনায়
দেশ গঠনের এক প্রদীপ্ত শপথ...
২৩ মে ২০২৬ খ্রি. || ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ব.
খুলনা

No comments: