Monday, April 27, 2026

আসসালাম স্বাগতম হে রাসুল (স.)

 

আসসালাম স্বাগতম হে রাসুল (স.)
ই ম রু ল কা য়ে স
আসসালাম, স্বাগতম, হে রাসুল (স.)
হাশরের ময়দানে যেন পাই তোমার সাফায়াত।
আঁধার যখন তাবৎ পৃথিবী চেয়েছিল গিলে খেতে
নৈতিকতা ভেসে গিয়েছিল অবক্ষয়ের স্রোতে
ঐশি আলোর ঝর্ণা হয়ে রবের আরশ থেকে
তখন তুমি নেমে এলে এ পাপের ধরণীতে।
যখন পাপে ডুবে গিয়েছিল আরবের মসনদ
ঘরে ঘরে ছিল নগ্ন নৃত্য, সুদ ঘুষ জুয়া মদ
পাপের সাগর আরব জাহান যখন দিশাহীন
তখন তুমি তাদের দেখালে নতুন আশার পথ।
বিবেক যখন পরাজিত হলো, মূর্তি হলো চালক
অন্ধকারে নিভে গিয়েছিল সভ্য জাতির আলোক,
যখন আরব অসহায় ছিল লালসার কাছে হেরে
তখন তুমি প্রেরিত হলে, দেখালে রবের ঝলক।
আসসালাম, স্বাগতম, হে রাসুল (স.)
তুমি আমাদের আলোকের পথ দেখাও।
যখন তুমি প্রেরিত হলে খুললো বন্ধ দ্বার
বিতাড়িত হলো সমাজের মাঝে গুমোট অন্ধকার
তুমি দেখালে সোনার আলোয় উদ্ভাসিত ভূবণ
তোমায় পেয়ে থেমে গেলো ধূধূ মরুর হাহাকার।
তুমি এনে দিলে ঐশি কিতাব পবিত্র ‘আল কুরআন’
মানব জাতির জীবনাদর্শ , পূর্ণ জীবন বিধান
তুমি পড়লে, ‘ইকরা বিইসমি রাব্বিকাল্লাজি খলাক’
শোনালে যখন , আনলো ঈমান সমগ্র আরব জাহান।
বন্ধ হলো মূর্তি পুজো, দেহ পুজোর স্বপ্ন বিলাস
তিক্ত নষ্ট অতীত ভুলে সৃষ্টি হলো নতুন সমাজ
মূর্তিগুলো নত হলো খুলে ফেলে আলখাল্লা
ঘোষণা দেয় মালিক মোদের অদ্বিতীয়, এক আল্লাহ।
আসসালাম, স্বাগতম, হে রাসুল (স.)
তুমি আমাদের বেহেশতের পথ দেখাও।
তুমি না এলে সৃষ্টি হতো না পৃথিবী চন্দ্র তারা
তুমি না এলে মিষ্টি হতো না মানব জীবন ধারা
তুমি না এলে কে আমাদের এনে দিতো রহমত
তুমি না এলে কে চিনাতো নাজাতের সরু পথ?
শেষ বিচারে পুলসেরাত আর হাসরের ময়দানে
তোমার আশীষ যেন পাই যেতে স্বর্গের উদ্যানে
তোমাকে ছাড়া পাবো কি বেহেশত, কে দেখাবে দিশে
পাবো কি নাজাত, ছুটবো কোথায় মুক্তির সন্ধানে?
মানবতার পথপ্রদর্শক নবীকূল শিরোমনি
তুমিই মোদের হৃদস্পন্দন, মমতার মহাখনি
শেষ বিচারে যখন আমরা হয়ে যাবো জড়সড়
পাপের হিসেব ছোট করে দিও, পূণ্য দেখাইও বড়।
আসসালাম, স্বাগতম, হে রাসুল (স.)
হাশরের ময়দানে যেন পাই তোমার সুপারিশ।
(পবিত্র সিরাতুন্নবী (স.) উপলক্ষে রচিত ও পরিমার্জিত সংস্করণ)

No comments: